ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো লুইজ ইকার ভিয়েরার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিউইয়র্কে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের ক্রমবর্ধমান অগ্রগতিতে উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেন। দুই দেশের প্রতিনিধিরা বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেছেন।

এছাড়া, উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করে নতুন ও উদীয়মান খাতগুলোতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও গভীর করার বিষয়েও উভয় দেশ একমত পোষণ করেছে।