২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬ গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই প্রাণহানির ঘটনা ঘটে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। একই সময়ের ব্যবধানে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন। নতুন রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ২৭৬ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় (মহানগরের বাইরে) ২৮০ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২০৯ জন, বরিশাল বিভাগে ২০৪ জন, খুলনা বিভাগে ২৪১ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুর বিভাগে ৫৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ১১২ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি দেখা দিয়েছে, যেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৬৯০ জন। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী। অন্যদিকে, মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪৭ দশমিক ৪ শতাংশ নারী রয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬৬ হাজার ২৫৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৬৬ জন রোগী। SHARES জাতীয় বিষয়: ডেঙ্গুডেঙ্গু মৃত্যুডেঙ্গু রোগীবাংলাদেশস্বাস্থ্য অধিদপ্তর