জাপানের শ্রমবাজারে সুযোগ পেতে জাপানি ভাষা শেখার তাগিদ মঈন খানের প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬ জাপানের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির কর্মসংস্থানের বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে তরুণদের জাপানি ভাষা শেখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর জোর দিয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত ‘জাপান-বাংলাদেশ যৌথ পার্টনার সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জাপানে দক্ষ কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজ করার লক্ষ্য নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়। ড. আব্দুল মঈন খান বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেবল প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি অত্যন্ত গভীর একটি বন্ধুত্বের বন্ধন। দুই দেশের এই সম্পর্ককে আরও কার্যকর ও মজবুত করতে পারস্পরিক আন্তরিকতা বাড়ানো প্রয়োজন। তিনি উল্লেখ করেন, জাপানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য প্রচুর কাজের সুযোগ রয়েছে। তবে এই সুযোগের শতভাগ সুবিধা নিতে হলে দেশের তরুণ প্রজন্মকে জাপানি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। সেমিনারে দুই দেশের শাসনব্যবস্থা ও গণতান্ত্রিক কাঠামোর তুলনামূলক পার্থক্য তুলে ধরেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ও জাপানের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ভিন্নতা রয়েছে। সেই সঙ্গে দুই দেশের গণতান্ত্রিক চর্চা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্যেও কাঠামোগত পার্থক্য বিদ্যমান। জাপানের বাজারে দক্ষ জনশক্তি পাঠানোর পথ সুগম করতে জাপানি ভাষা শিক্ষা কার্যক্রমের পরিধি বাড়ানোর তাগিদ দেন মন্ত্রী। এর পাশাপাশি দেশের প্রশিক্ষণব্যবস্থাকে আরও সহজলভ্য এবং আন্তর্জাতিক মানের করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও জাপানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীদের অংশগ্রহণ বাড়ানো, তাঁদের অগ্রাধিকার নিশ্চিত করা এবং জাপানি ভাষা শেখার সুযোগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। SHARES জাতীয় বিষয়: আব্দুল মঈন খানকর্মসংস্থানজাপানি ভাষাদক্ষ জনশক্তিবাংলাদেশ জাপান সম্পর্ক