সিনজেনটা বাংলাদেশের কর্মীদের উন্নত স্বাস্থ্যসেবায় এপিক হেলথ কেয়ারের সঙ্গে

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬

সিনজেনটা বাংলাদেশ এবং এপিক হেলথ কেয়ার লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মূল লক্ষ্য হলো সিনজেনটা বাংলাদেশের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। গত রোববার ৪ অক্টোবর আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ারের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব টি. এম. হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, সর্বাধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল ব্যবহারের মাধ্যমে বিশ্বমানের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এপিক হেলথ কেয়ার বদ্ধপরিকর। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে এই ধরনের অংশীদারিত্বের মাধ্যমে তারা আরও বেশি মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন। অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ারের ডিরেক্টর জনাব জসিম উদ্দিন এবং ডেপুটি ম্যানেজার ইমতিয়াজ শানু ও শাহরিয়ার ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিনজেনটা বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাইট হেড (সিপি এফএফএন্ডপি) প্রণব কুমার দেওয়ারি। তিনি এই উদ্যোগ সম্পর্কে বলেন, এপিক হেলথ কেয়ারের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে তারা আনন্দিত। এই অংশীদারিত্ব সিনজেনটার কর্মী ও তাদের পরিবারের সদস্যদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এই সহযোগিতাকে একটি ইতিবাচক ও দীর্ঘমেয়াদি উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। এ সময় সিনজেনটা বাংলাদেশের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ নোবেল তালুকদার ও মো. আলি জানশেরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় এখন থেকে সিনজেনটা বাংলাদেশের কর্মী ও তাদের পরিবারের সদস্যরা এপিক হেলথ কেয়ারের বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা পাবেন। উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে, এই অংশীদারিত্বের মাধ্যমে কর্মীদের স্বাস্থ্য ও সামগ্রিক কল্যাণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। এছাড়া একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে দুই প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে বলে প্রত্যয় জানিয়েছে।