চুয়েটে দুই দিনের রুটিন দায়িত্ব পেলেন অধ্যাপক আরাফাত

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অস্থিরতার মধ্যেই উপাচার্যের রুটিন দায়িত্ব গ্রহণ করেছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আরাফাত রহমান। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম আগামী ১১ ও ১২ অক্টোবর ঢাকা সফরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি সভায় অংশ নেবেন। এই দুই দিনের জন্য তিনি অধ্যাপক আরাফাতকে দায়িত্ব অর্পণ করেছেন। উপাচার্য জানিয়েছেন, এ বিষয়ে মন্ত্রণালয়, ইউজিসি, রেজিস্ট্রার, ডিন ও বিভিন্ন দপ্তর প্রধানকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। জানা গেছে, উপাচার্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সভায় উপস্থিত হতে সেসময় ঢাকায় অবস্থান করবেন।

বিশ্ববিদ্যালয়ের এমন পরিস্থিতির মধ্যে দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে অধ্যাপক আরাফাত রহমান বলেন, দীর্ঘদিন ধরে চলা অচলবস্থায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনার জন্য তিনি আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। এই নিয়োগের প্রতিবাদে এবং অধ্যাপক সায়েমকে পুনরায় স্বপদে বহালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও একই দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখেছেন। এতে ক্লাস ও পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।