দিল্লিতে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬ ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই) তাকে আটক করা হয়। একই সময় দলের আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে আয়োজিত একটি পরিকল্পিত বিক্ষোভে যোগ দেওয়ার জন্য তারা দিল্লিতে পৌঁছেছিলেন। দিল্লিতে আসার আগেই অভিজিৎ দীপকে জানিয়েছিলেন, এই বিক্ষোভে অংশ নিতে গিয়ে গ্রেফতার হতে হলেও তিনি প্রস্তুত। সেই সাথে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, সরকার বিভিন্ন বিধিনিষেধের মাধ্যমে সাধারণ মানুষকে বিক্ষোভে অংশ নিতে বাধা দিচ্ছে। নিরাপত্তাবাহিনীর বিপুল মোতায়েন এবং সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্তের সমালোচনা করে দীপকে দাবি করেন, সরকার তরুণ ও সাধারণ নাগরিকদের ভয়ে এমন পদক্ষেপ নিচ্ছে। এদিকে, সিজেপির এই বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দিল্লি পুলিশ আইনের ৬৫ নম্বর ধারায় এখন পর্যন্ত অন্তত ৬০০ জনকে আটক করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। শনিবার সকাল ৬টা থেকেই শহরের বিভিন্ন রাস্তায় কঠোর ট্রাফিক বিধিনিষেধ কার্যকর করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ব্যারিকেড বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া মেট্রো পরিষেবা সীমিত করা, একাধিক ট্রেন বাতিল এবং রাজধানীর কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। SHARES আন্তর্জাতিক বিষয়: অভিজিৎ দীপকেককরোচ জনতা পার্টিদিল্লি পুলিশবিক্ষোভভারত