হুতিদের ক্রমাগত হামলায় রিয়াদ ও আবহা বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬

ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ধারাবাহিক হামলার কারণে সৌদি আরবের রিয়াদ ও আবহা বিমানবন্দরে বিমান চলাচল ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, রিয়াদ বিমানবন্দর থেকে বৃহস্পতিবারই কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনও তাদের ফ্লাইট কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে।

সংঘাতময় পরিস্থিতির কারণে সিঙ্গাপুর এয়ার তাদের রিয়াদগামী নতুন ফ্লাইট চালুর সময় পিছিয়ে ২৮ মার্চ নির্ধারণ করেছে। ফিলিপাইন এয়ারলাইনস অন্তত ১১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট বাতিল করেছে। এছাড়া সৌদি আরবের রাষ্ট্রীয় সংস্থা সৌদিয়া, ইজিপ্টএয়ার, ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার মতো এয়ারলাইনগুলোও রিয়াদ থেকে তাদের নির্ধারিত বহু ফ্লাইট বাতিল করেছে। ইয়েমেন থেকে বারবার হামলার ঘটনার কারণে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম গত কয়েক দিনে একাধিকবার কয়েক ঘণ্টা করে বন্ধ রাখতে হয়েছে। এই হামলার ঝুঁকির মুখে সৌদি আরবে উড়োজাহাজ ওঠানামা অনিরাপদ হয়ে পড়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আবহা বিমানবন্দরেও একই ধরনের হামলার ঘটনা ঘটেছে।

বিমান চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্যমতে, ৮ অক্টোবর বিকেল ৪টা ২৫ মিনিট পর্যন্ত রিয়াদ থেকে নির্ধারিত ৩৭৮টি বহির্গামী ফ্লাইটের মধ্যে ১৬৯টিই বাতিল বা পরিচালিত হয়নি। একই সময়ে রিয়াদে আসা নির্ধারিত ৩৬৯টি আগমন ফ্লাইটের মধ্যে ১২৪টি ফ্লাইট বাতিল বা বন্ধ রয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদিয়া এয়ারলাইনস। রিয়াদ থেকে তাদের ১৪০টি নির্ধারিত ফ্লাইটের মধ্যে ৯৭টি এবং রিয়াদগামী ১৩৬টি ফ্লাইটের মধ্যে ৮৭টি ফ্লাইট বাতিল বা উড্ডয়ন করেনি। এছাড়া ফ্লাইনাসের ৯১টি বহির্গামী ফ্লাইটের মধ্যে ৩০টি, ফ্লাইএডিলের ৫৪টির মধ্যে ২০টি এবং রিয়াদ এয়ারের ১৫টির মধ্যে দুটি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

আন্তর্জাতিক এয়ারলাইনগুলোর ক্ষেত্রেও বড় ধাক্কা লেগেছে। টার্কিশ এয়ারলাইনসের রিয়াদ থেকে নির্ধারিত চারটি ফ্লাইটই বাতিল হয়েছে। কাতার এয়ারওয়েজের আটটির মধ্যে তিনটি, ইজিপ্টএয়ারের চারটির মধ্যে দুটি, ওমান এয়ারের তিনটির মধ্যে একটি এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের নির্ধারিত দুটি ফ্লাইটই বাতিল হয়েছে। এছাড়া এয়ার ইন্ডিয়ার দুটি ফ্লাইটের একটিও পরিচালিত হয়নি। শ্রীলঙ্কান এয়ারলাইনস, ফিলিপাইন এয়ারলাইনস, ইয়েমেনিয়া ও এজেটের একটি করে ফ্লাইট বাতিল হয়েছে। রিয়াদে আসা আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও টার্কিশ এয়ারলাইনসের চারটি, ইজিপ্টএয়ারের দুটি, গালফ এয়ারের একটি এবং ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে ক্যাথে প্যাসিফিক দুবাই ও রিয়াদের ফ্লাইট বাতিলের সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বেশ কয়েকটি মার্কিন ও ইউরোপীয় এয়ারলাইনও এই অঞ্চলে ফ্লাইট পরিচালনা সীমিত রেখেছে।