আইসিসির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করল ট্রাম্প প্রশাসন প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬ আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক বিচারক নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় আদালতটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৯ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানিয়েছেন, আইসিসির সঙ্গে মার্কিন সংস্থাগুলোর লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, মার্কিন সার্বভৌমত্ব রক্ষা করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। রুবিও জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কখনোই কোনো আমেরিকান নাগরিককে আন্তর্জাতিক আদালতের বিচারের মুখোমুখি হওয়ার সুযোগ দেবেন না। মূলত এই কারণেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আইসিসির ডেপুটি প্রসিকিউটর নাজহাত শামীম খান এই নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছেন। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যাবে না। ২০০২ সালে প্রতিষ্ঠিত আইসিসি যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার বিচার করে থাকে। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই এই আদালতের বিরোধিতা করে আসছে। এর আগেও ওয়াশিংটন আদালতটির প্রসিকিউটর ও বিচারকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় আইসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র সমালোচনার মুখে পড়েছিল। এদিকে, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার বিপরীতে যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান এবং নেদারল্যান্ডস আইসিসির প্রতি তাদের অব্যাহত এবং অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছে। SHARES আন্তর্জাতিক বিষয়: আইসিসিআন্তর্জাতিক অপরাধ আদালতডোনাল্ড ট্রাম্পনিষেধাজ্ঞাযুক্তরাষ্ট্র