মক্কা-মদিনার মর্যাদায় আপসহীন বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬ পবিত্র মক্কা ও মদিনার মর্যাদার প্রশ্নে বাংলাদেশ কোনোভাবেই আপস করবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন যে, এ বিষয়ে প্রয়োজন হলে বাংলাদেশ তার করণীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মক্কা ও মদিনা যে অঞ্চলে অবস্থিত, সেখানে বিপুল সংখ্যক মুসলমানের বসবাস। মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা মুসলিম দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ রয়েছে, তাই মক্কা চুক্তির উদ্যোগকে বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছে। মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহের কথা ইতিমধ্যে জানানো হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন। সৌদি আরবের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন রূপরেখা নিয়ে হুমায়ুন কবির বলেন, দীর্ঘদিনের প্রচলিত শ্রম ও রেমিট্যান্সকেন্দ্রিক সম্পর্কের বাইরে গিয়ে এখন বিনিয়োগ, প্রযুক্তি ও জ্বালানিসহ বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদি ও কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, সৌদি আরব ইতিমধ্যে বাংলাদেশে বড় অংকের বিনিয়োগ করছে, যার মধ্যে স্টার রিফাইনারি-২ প্রকল্পে বিনিয়োগের পরিমাণ প্রায় ২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। উভয় দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগ বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, কেবল সৌদি আরব নয়, বিশ্বের বিভিন্ন দেশের সাথেই বাংলাদেশ বিনিয়োগ অংশীদারত্বের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায়। প্রচলিত শ্রমবাজারকেন্দ্রিক নির্ভরতা থেকে বেরিয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই নীতির ভিত্তিতে অংশীদারত্ব গড়ে তোলাই বাংলাদেশের লক্ষ্য। আগামী ২৬শে অক্টোবর প্রধানমন্ত্রীর চার দিনের জাপান সফর প্রসঙ্গে তিনি জানান, এ সফরেও জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। SHARES অন্যান্য বিষয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবাংলাদেশমক্কা চুক্তিসৌদি-আরবহুমায়ুন কবির