সৈয়দপুরে ৮০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, চলছে শেষ মুহূর্তের কাজ প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬ দুর্গাপূজাকে কেন্দ্র করে নীলফামারীর সৈয়দপুরে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। মৃৎশিল্পীরা প্রতিমা তৈরির মূল কাঠামো শেষ করে এখন রং-তুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত সময় পার করছেন। পূজা উদযাপন কমিটির সদস্যরাও তোরণ নির্মাণ ও মণ্ডপ সাজসজ্জার কাজে দম ফেলার সুযোগ পাচ্ছেন না। স্থানীয় পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এবার সৈয়দপুর উপজেলা ও শহর মিলিয়ে মোট ৮০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, এবারের পূজায় দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে আসবেন এবং নৌকায় চড়ে বিদায় নেবেন। আগামী ১০ অক্টোবর মহালয়ার মাধ্যমে দেবীর আগমনী বার্তা ছড়িয়ে দেওয়া হবে। মণ্ডপগুলোতে চলছে আলোকসজ্জার কাজ। একজন কারিগর জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার প্রতিমা তৈরির কাজে কোনো ব্যাঘাত ঘটেনি। তিনি বলেন, ছোটবেলা থেকেই বাবার হাত ধরে এই পেশায় আসা। একটি মণ্ডপের প্রতিমা নিখুঁতভাবে তৈরি করতে তিন থেকে চার মাস পর্যন্ত সময় লেগে যায়। তবে উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় এবং কারিগরদের মজুরি বাড়ায় এই পেশায় টিকে থাকা এখন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি। মণ্ডপের ব্যবস্থাপনা ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় এক মণ্ডপ সভাপতি। তিনি জানান, উপকরণের দাম ও কারিগরদের মজুরি বাড়ায় সব মিলিয়ে পূজার সামগ্রিক খরচ অনেক বেড়ে গেছে। তিনি জানান, শুধু কারিগরদের সঙ্গেই এবার এক লাখ ৩০ হাজার টাকার চুক্তি হয়েছে, যা আগে এক লাখ টাকায় করা সম্ভব হতো। তবুও উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন করার প্রত্যাশা করছেন তারা। এদিকে, পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। নীলফামারী জেলার পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন জানিয়েছেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে পরিস্থিতির অবনতি করতে না পারে, সেজন্য জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন। ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫। নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত SHARES অন্যান্য বিষয়: দুর্গাপূজানীলফামারীপূজা প্রস্তুতিশারদীয় উৎসবসৈয়দপুর