আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ: বাল্যবিয়ে রোধে গুরুত্ব প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬ আজ ১১ অক্টোবর, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। বিশ্বব্যাপী প্রতি বছর এই দিনে দিবসটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করা হয়ে আসছে। দিবসটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। ২০২৬ সালের আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘এন্ড চাইল্ড ম্যারেজ অ্যান্ড ইনভেস্ট ইন গার্লস রাইটস’। যার অর্থ হলো, ‘বাল্যবিয়ে বন্ধ করুন এবং মেয়েদের অধিকার সুরক্ষায় বিনিয়োগ করুন’। এই প্রতিপাদ্যটির তাৎপর্য হলো, কন্যাশিশুর সুরক্ষাকে কেবল একটি ক্ষতিকর প্রথা বন্ধের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি। বরং শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, নিরাপত্তা, নেতৃত্ব এবং নিজের ভবিষ্যৎ নির্ধারণের মতো মৌলিক অধিকারগুলোকে একই আলোচনার অন্তর্ভুক্ত করা হয়েছে। দিবসটি পালনের মূল উদ্দেশ্য হলো কন্যাশিশুদের মানসম্মত শিক্ষা, পুষ্টি, চিকিৎসাসেবা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা। এর পাশাপাশি বাল্যবিবাহ রোধ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, ২০১১ সালের ১৯ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব গ্রহণের মাধ্যমে দিবসটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় ২০১২ সালের ১১ অক্টোবর থেকে প্রতি বছর বিশ্বজুড়ে এই দিবসটি পালন করা হচ্ছে। SHARES জাতীয় বিষয়: আন্তর্জাতিক কন্যাশিশু দিবসকন্যাশিশুজাতিসংঘনারী অধিকারবাল্যবিয়ে