রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা মামলায় ২ আসামির ডিএনএ শনাক্ত

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামির ডিএনএ নমুনা শনাক্ত হয়েছে। উদ্ধার করা আলামতের সঙ্গে গ্রেপ্তারকৃত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ মিলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। তিনি জানান, গত ২১ সেপ্টেম্বর দুই আসামিকে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকার সিআইডি কার্যালয়ে নেওয়া হয়েছিল। পরীক্ষা শেষে ল্যাবের ফলাফলে দেখা গেছে, ঘটনাস্থল থেকে উদ্ধার করা বিভিন্ন আলামতের নমুনার সঙ্গে তাদের ডিএনএ মিলে গেছে। এর মাধ্যমে এই হত্যাকাণ্ডে সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তদন্তকারী সংস্থা ও সিআইডি সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে মোট ৩৫টি আলামত সংগ্রহ করা হয়েছিল। লাশ উদ্ধারের ১২ দিন পর তিন দফায় এসব আলামত সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। সংগৃহীত আলামতগুলোর মধ্যে ছিল ফল কাটার চাকু, ইয়াবা সেবনের ফয়েল, সিগারেটের শেষ অংশ, নান রুটি, শসা, খেজুর, বেসিনের দাগ এবং নিহত শিশু প্রিয়মের খাতায় পাওয়া একটি লেখা।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর মহানগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, ছেলে ও মেয়েসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর পুলিশ প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করে।