পটিয়ায় মহালয়ার অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা দিলেন এমপি এনাম প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬ শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে উদযাপিত হলো মহালয়া। দেবীপক্ষের সূচনাকে কেন্দ্র করে চট্টগ্রামের পটিয়ায় আয়োজিত এই অনুষ্ঠানে শ্রীশ্রী চণ্ডীপাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজন ও বস্ত্র বিতরণের মতো কর্মসূচি পালন করা হয়। সুচক্রদণ্ডী পল্লী মঙ্গল সমিতি ও শিবমন্দির-সংলগ্ন মাঠে শনিবার (১০ অক্টোবর) রাতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটিয়া উপজেলা ও পৌরসভা শাখা এই মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে, যা মানবিকতা ও সৌহার্দ্যের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম তার বক্তব্যে বলেন, এই দেশ আমার, আপনার, অর্থাৎ সবার। ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধার ভিত্তিতে আমাদের দেশ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, দুর্গাপূজা এখন কেবল একটি সম্প্রদায়ের উৎসব নয়, এটি বাঙালির সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক। নিজ নিজ ধর্ম পালনের অধিকারের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি উৎসবগুলো আনন্দ ও শান্তির পরিবেশে সম্পন্ন করার আহ্বান জানান। পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল দে’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস দে। অনুষ্ঠানের শুরুতে মঙ্গলদীপ জ্বালিয়ে আয়োজনের শুভ সূচনা করেন পরিষদের উপদেষ্টা তরুণ কান্তি ভট্টাচার্য্য এবং দেবাশীষ দাশ। অনুষ্ঠানে পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ও পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিতসহ অধ্যাপক শিপুল কুমার দে, দিলীপ ঘোষ দীপ, রুবেল দাশ, বাবলা মল্লিক, রূপক শীল ও সুকান্ত তালুকদার বিশেষ অতিথি হিসেবে যোগ দেন। আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বস্ত্র বিতরণ করা হয় এবং সবশেষে সাংস্কৃতিক পরিবেশনা ও প্রসাদ আস্বাদনের মাধ্যমে মহালয়ার মূল অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই আয়োজন পটিয়ায় শারদীয় দুর্গোৎসবের আমেজকে আরও উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। বক্তব্য প্রদানকারীদের তালিকায় আরও ছিলেন দেবাশীষ দাশ, বিকাশ দাশ বিষু, অর্জিত দে সাজু, বিপ্লব দাশ অভি, উত্তম দাশ, এরশাদুল আলম, বিকাশ কান্তি মল্লিক, মিলন কান্তি দাশ, মো. মোক্তাদার আলম, মো. জিয়া উদ্দিন নোমান, কাঞ্চন নাথ, নিউটন দে, উজ্জ্বল রুদ্র, শ্যামল দাশ গুপ্ত, দীপক কান্তি শর্মা এবং ইউপি সদস্য উত্তম দে। SHARES জেলা/উপজেলা বিষয়: দুর্গাপূজাপটিয়ামহালয়ামোহাম্মদ এনামুল হক এনামসাংস্কৃতিক অনুষ্ঠান