চট্টগ্রামে যাত্রা শুরু করল বিশেষায়িত পশু হাসপাতাল সিএসভিসি

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬

পোষ্য প্রাণীদের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে ‘চট্টগ্রাম স্পেশালাইজড ভেটেরিনারি কেয়ার’ (সিএসভিসি)। সোমবার ১২ অক্টোবর বিকেলে নগরীর দক্ষিণ খুলশী এলাকায় হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়াকুব গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি এম এয়াকুব আলী, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিবেক চন্দ্র সূত্রধর এবং ইনফ্লুয়েন্সার পাপড়ি সিকদার।

বর্তমান সময়ে কুকুর ও বিড়ালের মতো পোষ্য প্রাণী মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে এসব প্রাণীর গুরুতর অসুস্থতা বা গভীর রাতের জরুরি প্রয়োজনে মানসম্মত চিকিৎসা পাওয়া অনেক সময় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই সমস্যা সমাধানে সিএসভিসি এখন থেকে ২৪ ঘণ্টা পশুচিকিৎসা পরিষেবা প্রদান করবে। হাসপাতালটিতে উন্নত রোগ নির্ণয়ের ব্যবস্থা, বিশেষায়িত অস্ত্রোপচার, নিবিড় পরিচর্যা এবং অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাসেবার মতো আধুনিক সব সুযোগ-সুবিধা রাখা হয়েছে। এছাড়া প্রাণীদের রোগ প্রতিরোধ ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মতো সেবাও এখান থেকে পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এয়াকুব গ্রুপের চেয়ারম্যান এম এয়াকুব আলী বলেন, মানুষের মতো প্রাণীদেরও অসুস্থতা বা দুর্ঘটনার সময় যথাযথ চিকিৎসার প্রয়োজন। পোষ্য প্রাণীর জন্য মানসম্মত ও নির্ভরযোগ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই সিএসভিসি প্রতিষ্ঠা করা হয়েছে, যাতে চট্টগ্রামের বাসিন্দাদের প্রিয় প্রাণীর চিকিৎসার জন্য আর অন্যত্র ছুটতে না হয়। তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ এ অঞ্চলে পশুচিকিৎসাসেবার একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

অধ্যাপক ড. বিবেক চন্দ্র সূত্রধর পশুচিকিৎসায় আধুনিক সরঞ্জাম, দক্ষ চিকিৎসক এবং নিবিড় পরিচর্যার সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে সেবার পরিধি বৃদ্ধি পায়। প্রাণীর প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি ও পেশাগত নৈতিকতা বজায় রেখে চিকিৎসা প্রদান করলে তা মানোন্নয়নে বড় ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠানটির কো-চেয়ারম্যান নাহিদ ফারহানা জানান, জরুরি মুহূর্তে দ্রুত চিকিৎসা পাওয়ার বিষয়টি মাথায় রেখেই হাসপাতালটির পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, আমাদের লক্ষ্য কেবল চিকিৎসা দেওয়া নয়, বরং প্রতিটি পোষ্য প্রাণীর সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং মালিকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদানের মাধ্যমে একটি নির্ভরযোগ্য চিকিৎসাব্যবস্থা গড়ে তোলা। হাসপাতালটির পরিচালক ডা. পার্থ সামন্ত জানান, রোগ নির্ণয় থেকে শুরু করে অস্ত্রোপচার-পরবর্তী যত্ন পর্যন্ত সবকিছুই সমন্বয় করা হয়েছে যাতে প্রাণীরা সঠিক চিকিৎসা পায়।

এয়াকুব গ্রুপের কো-চেয়ারম্যান নাহিদ ফারহানার উদ্যোগে এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে সিএসভিসির পথচলা শুরু হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. শুভ কান্তি দাশ, ডা. মো. আসলাম হোসেন, ডা. উম্মে খায়ের ফাতেমা সাদী, ডা. ফারজানা আক্তার, ডা. কাজী আসমা আকতার, ডা. অন্দ্রীলা আক্তার, ডা. মুহাম্মদ সায়েম আব্দুল্লাহ, ডা. আরফানুল সাইফ, ডা. মো. শাহাদাত হোসেন, ইঞ্জিনিয়ার ময়ূখ দে, ডা. নাজিফা তাবাসসুম আরশী, ডা. মো. নাঈম উদ্দিন নিপু এবং ডা. বৃষ্টি ধর নন্দিতা।