গুমানি নদীতে বর্ণিল পানসি নৌকা বাইচ উৎসব

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৬

শরতের পড়ন্ত বিকেলে পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়ীয়ায় গুমানি নদীর বুক চিরে ছুটল রঙিন সব পানসি নৌকা। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে আয়োজিত ‘প্রভাষক জাফর ইকবাল হিরোক পানসি নৌকা বাইচ-২০২৬’-এর ফাইনাল ঘিরে চলনবিল অধ্যুষিত এ জনপদে তৈরি হয়েছিল এক উৎসবমুখর পরিবেশ।

প্রতিযোগিতার প্রতিটি বাঁক আর গতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে। নদীর দুই পাড়ে সমবেত হাজারো মানুষ মাঝিদের বৈঠার ছন্দ আর জারি-সারি ও লোকগানের সুরের তালে করতালি ও উচ্ছ্বাসের মাধ্যমে নিজেদের আনন্দ প্রকাশ করেন। কেবল গন্তব্যে পৌঁছানোর লড়াই নয়, বরং গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন করে প্রাণ দেওয়ার উপলক্ষ হয়ে উঠেছিল এই আয়োজন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চূড়ান্ত পর্বে প্রথম স্থান অধিকারী নৌকার জন্য এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৬০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৪০ হাজার টাকা এবং চতুর্থ পুরস্কার ২০ হাজার টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল মতিন রাজু। প্রধান বক্তা হিসেবে উপজেলা বিএনপির সদস্যসচিব প্রভাষক সরদার জাফর ইকবাল হিরোক বলেন, নৌকা বাইচ গ্রামবাংলার ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি প্রমাণ করে মানুষ এখনো তাদের শেকড়কে ভালোবাসে। আবহমান বাংলার এই কৃষ্টি ধরে রাখতে প্রতিবছরই এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন, পাবনার ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল হাকিম খান, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ্ আলম ও ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুমসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।