পুনর্গঠন হচ্ছে এনসিপি, বিলুপ্ত হচ্ছে শীর্ষ চার পদ

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৬

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৮:০১ পিএম। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রথম কাউন্সিলকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করেছে। দলটির আত্মপ্রকাশের দুই বছর পূর্তিতে এই সাংগঠনিক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সংগঠনের কাঠামোয় নতুন রূপ আনবে।

সর্বশেষ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর সভায় কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যসংখ্যা হবে ১৫১। এর আগে গত রোববার অনুষ্ঠিত সভায় এই বিষয়ে আলোচনা হয় এবং ১৩ অক্টোবরের মধ্যেই নতুন কমিটির ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

দলীয় সূত্র জানায়, আহ্বায়ক ও সদস্যসচিব পদ বহাল থাকলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দলের মুখপাত্র, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং মুখ্য সমন্বয়কের মতো পদগুলো।

বর্তমানে এসব পদে যারা দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে রয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ (কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য), উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র আসিফ মাহমুদ এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একাধিক সূত্র জানিয়েছে, পুনর্গঠনের পর নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহকে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সারজিস আলম ও আসিফ মাহমুদকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, গত রোববার অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল আমিন ও নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন। এছাড়া সভায় আরও অংশ নেন সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ও সালেহউদ্দিন সিফাত।