সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আরামকো স্থাপনায় হুতিদের হামলার দাবি প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৬ ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনে হামলা চালানোর দাবি করেছে। একই সঙ্গে তারা বন্দরনগরী ইয়ানবুতে অবস্থিত আরামকোর স্থাপনাতেও হামলার কথা জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) হুতি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারে এক বিবৃতিতে জানান, গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আনসারুল্লাহর যোদ্ধারা চারটি হামলা চালিয়েছেন। এসব লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়, দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনা এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দর। বিবৃতিতে হুতিদের পক্ষ থেকে দাবি করা হয়, দাম্মাম বিমানবন্দরে হামলার ফলে বিমান চলাচল ব্যাহত হয়েছে এবং আরামকোর স্থাপনায় হামলার কারণে সেখানে আগুন ধরে যায়। এছাড়া সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আভা আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি আঘাত হানার কথাও জানিয়েছে গোষ্ঠীটি। হুতি মুখপাত্র ইয়াহইয়া সারে সৌদি আরবকে সতর্ক করে বলেন, ইয়েমেনের গোত্রগুলোকে লক্ষ্যবস্তু করার বিষয়ে যে কোনো ধরনের হুমকি দিলে এর পরিণতি হবে বিপর্যয়কর ও অপ্রত্যাশিত। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, ইয়েমেনে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত সৌদি আরবের ভেতরে হুতিদের অভিযান অব্যাহত থাকবে এবং সংঘাত বাড়ালে তার পাল্টা জবাব দেওয়া হবে। এদিকে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানিয়েছে, হুতি বাহিনীর এই হামলায় দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে দুজন নিহত হয়েছেন এবং আটজন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। নিহত দুজনের মধ্যে একজন সৌদি নাগরিক এবং অন্যজন ভারতীয় নাগরিক। SHARES আন্তর্জাতিক বিষয়: আরামকোইয়েমেনপ্রতিরক্ষা মন্ত্রণালয়সৌদি-আরবহামলাহুতি