দিল্লির নর্থ ব্লকের পেছনে ধোঁয়া, ঘটনাস্থলে ৬টি দমকলের গাড়ি

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৬

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক প্রশাসনিক ভবন নর্থ ব্লকের পেছনে ঘন কালো ধোঁয়া দেখা গেছে। এই ঘটনায় দ্রুত সাড়া দিয়ে ঘটনাস্থলে ছয়টি দমকলের গাড়ি পাঠানো হয়েছে। দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, নর্থ ব্লকের ভেতরে অজ্ঞাত কোনো স্থান থেকে ধোঁয়া বের হওয়ার খবর পেয়ে তারা জরুরি ফোনকল পায় এবং এরপরই দমকলের ইউনিটগুলো রওনা হয়।

ঘটনাটি প্রত্যক্ষ করেছেন সংসদ সদস্য মিলিন্দ দেওরা। তিনি সংসদে যাওয়ার পথে নর্থ ব্লকের পেছন দিক থেকে ধোঁয়া উঠতে দেখেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, সংসদে যাওয়ার পথে নর্থ ব্লকের পেছন থেকে ঘন ধোঁয়া উঠতে দেখেছি। সেখানে আগুন লেগে থাকতে পারে বলে মনে হচ্ছে। আশা করি সবাই নিরাপদে আছেন এবং জরুরি সেবাদানকারী দল দ্রুত পরিস্থিতি মোকাবিলা করছে।

উল্লেখ্য, নর্থ ব্লক দিল্লির রাইসিনা হিলে অবস্থিত লাল বেলেপাথরে নির্মিত একটি ঐতিহাসিক প্রশাসনিক ভবন। তবে এখন পর্যন্ত সেখানে নিশ্চিতভাবে আগুন লেগেছে কি না বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।