দিনাজপুরে রাস্তা নিয়ে বিরোধে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, আটক ১

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৬

দিনাজপুরের পার্বতীপুরে রাস্তা নিয়ে বিরোধের জেরে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক ঘটনায় আসাদুজ্জামান (৩২) নামে একজনকে আটক করেছে পার্বতীপুর মডেল থানা-পুলিশ।

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের রাবেয়ার মোড় এলাকার সোনাপুকুর নয়া মোল্লাপাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের সোনাপুকুর মাঝিপাড়া গ্রামের অসীম চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলাইচন্ডি ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামের আজিজুল মাস্টারের বাড়িসংলগ্ন রাস্তার জায়গা নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামানের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলছিল। রবিবার দুপুরে এই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিরোধ মীমাংসার জন্য সেখানে উপস্থিত হন প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়।

অভিযোগ রয়েছে, এ সময় আসাদুজ্জামান ও তাঁর সঙ্গে থাকা লোকজন উত্তেজিত হয়ে মনোরঞ্জন রায়ের মাথায় আঘাত করেন। এতে তিনি পাশের ধানখেতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযুক্ত আসাদুজ্জামানকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।