ইসরাইলে শক্তিশালী ডানপন্থি সরকার গঠনের ডাক নেতানিয়াহুর প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬ ইসরাইলে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ভোট গণনা চলমান রয়েছে। ৪১ শতাংশ ভোট গণনা শেষে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এগিয়ে আছে। নির্বাচনের এই ফলাফল প্রকাশের পর নিজ দলের সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে নেতানিয়াহু একটি শক্তিশালী ও জাতীয়তাবাদী ডানপন্থি সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। লিকুদ পার্টির সদর দপ্তরে দেওয়া ভাষণে নেতানিয়াহু দাবি করেন যে, ইসরাইলের নির্বাচনে ডানপন্থিরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, আরব দলগুলোকে নিয়ে কোনোভাবেই সরকার গঠন করা যাবে না। তার মতে, যারা ইসরাইলের অস্তিত্বের বিরোধিতা করে এবং সেনাদের যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করে, তাদের ওপর নির্ভর করে সরকার গঠন করলে তা দেশের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। তিনি জোর দিয়ে বলেন, কেবল ইহুদি ও জায়নবাদী সংখ্যাগরিষ্ঠদের ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমেই ইসরাইলের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা সম্ভব। নিজের সামরিক সফলতার কথা তুলে ধরে নেতানিয়াহু বলেন, ইসরাইল সাহসিকতার সঙ্গে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি পরিবর্তন করেছে। তিনি দেইফ, হানিয়া, সিনওয়ার, নাসরুল্লাহ এবং খামেনিকে হত্যার প্রসঙ্গ উল্লেখ করে জানান, গাজা, লেবানন ও সিরিয়ার গভীরে নিরাপত্তা বলয় তৈরির মাধ্যমে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা হয়েছে। তবে ইরানের বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন তারা ইসরাইলকে ধ্বংসের চেষ্টা চালিয়ে যাবে বলে তিনি সতর্ক করেন। নেতানিয়াহু আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলে ইরান থেকে আসা অস্তিত্বের হুমকি চিরতরে দূর করার এটি একটি ঐতিহাসিক সুযোগ। পরিশেষে তিনি ইসরাইলি সেনা, ভোটার এবং তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। SHARES অন্যান্য বিষয়: ইসরাইলডানপন্থিনির্বাচননেতানিয়াহুরাজনীতি