আরব আমিরাতের ভিসা বাতিল নিয়ে উদ্বেগ, কারণ খুঁজছে বাংলাদেশ দূতাবাস প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৬ সংযুক্ত আরব আমিরাতের বাইরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের রেসিডেন্সি ভিসা হঠাৎ করে বাতিল হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। ছুটিতে বা অন্য কোনো প্রয়োজনে আমিরাতের বাইরে অবস্থানরত অনেক বাংলাদেশির ভিসা কোনো কারণ উল্লেখ ছাড়াই বাতিল হয়ে যাওয়ার বিষয়টি দূতাবাসের নজরে এসেছে। এতে বৈধ রেসিডেন্সি ভিসাধারী প্রবাসীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কেন ঘটছে, তা নিশ্চিত হতে বাংলাদেশ দূতাবাস দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে নিয়মিত যোগাযোগ বজায় রেখে কাজ করে যাচ্ছে। এটি কোনো কারিগরি ত্রুটির কারণে ঘটছে নাকি কোনো বিশেষ প্রশাসনিক সিদ্ধান্তের অংশ, তা জানার চেষ্টা চলছে। দূতাবাস জানিয়েছে, বিষয়টি বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন পর্যায়সহ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অবগত রয়েছে। সরকারি পর্যায় থেকে নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সঠিক তথ্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়ার পর তা প্রবাসীদের জানিয়ে দেওয়া হবে। এই পরিস্থিতিতে প্রবাসীদের গুজবে কান না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে মিশন। একইসঙ্গে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইন-কানুন মেনে চলার অনুরোধ জানিয়ে দূতাবাস বলেছে, যেকোনো পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের পাশে রয়েছে বাংলাদেশ দূতাবাস। SHARES অন্যান্য বিষয়: আরব আমিরাতপ্রবাসীবাংলাদেশ দূতাবাসভিসা জটিলতা