গাজীপুরে যাত্রীবেশে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা প্রকাশিত: 10:02 AM, August 6, 2026 গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবেশে অটোরিকশায় উঠে এক চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কালামপুর এলাকায় আক্তার স্পিনিং মিলের সামনের নির্জন স্থানে এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশাচালকের নাম মো. সুমন মিয়া (২৪)। তিনি উপজেলার সাহেব বাজার এলাকায় সপরিবার ভাড়া বাসায় থাকতেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, বুধবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা বাসস্ট্যান্ড থেকে তিনজন ব্যক্তি সুমন মিয়ার অটোরিকশা ভাড়া করে। কালামপুর এলাকার দিকে যাওয়ার পথে আক্তার স্পিনিং মিলের সামনে নির্জন স্থানে পৌঁছালে যাত্রীবেশী ওই দুর্বৃত্তরা সুমনকে ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় সুমনের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা অটোরিকশাটি ফেলে পাশের বনের দিকে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সুমনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে গেছে। কালামপুর এলাকার ব্যবসায়ী মো. শাহ আলম জানান, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাঁরা সুমনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তবে আশপাশে খোঁজাখুঁজি করেও কাউকে পাওয়া যায়নি। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, দুর্বৃত্তরা সুমনের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। SHARES জাতীয় বিষয়: অটোরিকশাঅপরাধকালিয়াকৈরগাজীপুরহত্যা