জাতীয় স্টেডিয়ামের পরিবেশ দেখে হতাশ ক্রীড়া প্রতিমন্ত্রী, আজ থেকেই অভিযান প্রকাশিত: 8:07 PM, August 6, 2026 ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের সার্বিক পরিবেশ দেখে তীব্র অসন্তোষ ও হতাশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বৃহস্পতিবার বিকাল ৪টায় স্টেডিয়াম কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান তিনি। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, ঐতিহ্যবাহী এই ক্রীড়া স্থাপনাকে একটি আধুনিক, নিরাপদ ও ক্রীড়াবান্ধব স্পোর্টস হাবে রূপান্তর করতে দ্রুত উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হবে। স্টেডিয়ামপাড়ার মাদক, ছিনতাই, অবৈধ দখল ও অনিয়ম দূর করতে শুক্রবার (আজ) থেকেই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার ঘোষণা দেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমাদের ঐতিহ্যবাহী ক্রীড়া অবকাঠামোগুলো কাঙ্ক্ষিত পরিবেশ হারিয়ে ফেলেছে। প্রধানমন্ত্রীর নির্দেশেই স্টেডিয়াম এলাকা ঘুরে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর স্টেডিয়াম এলাকায় মাদক ও ছিনতাইসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিভিন্ন গেটে পুলিশ বক্স স্থাপন, নিয়মিত টহল এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। একই সঙ্গে সিটি করপোরেশনের সহায়তায় দ্রুত ময়লা অপসারণ, রাস্তা সংস্কার এবং জরাজীর্ণ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। স্টেডিয়ামের সার্বিক পরিস্থিতি নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে একটি পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। এছাড়া ক্রীড়াবিদদের ভাতা প্রসঙ্গে তিনি জানান, আইবাস (ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড একাউন্টিং সিস্টেম) পদ্ধতিগত জটিলতার কারণে ২৮ জন ক্রীড়াবিদের ভাতা আটকে ছিল। তবে ইতোমধ্যে ২৬ জনের সমস্যার সমাধান করা হয়েছে। বাকি দুজনের সমস্যাও খুব দ্রুত সমাধান করা হবে এবং কোনো ক্রীড়াবিদের ভাতার অর্থ নষ্ট হবে না বলে তিনি আশ্বস্ত করেন। SHARES অন্যান্য বিষয়: আমিনুল হকক্রীড়া প্রতিমন্ত্রীক্রীড়া ভাতাজাতীয় স্টেডিয়ামমোবাইল কোর্ট