চরকিতে মুক্তি পাচ্ছে আফজাল হোসেন ও আফসানা মিমির ‘রঙিন সুরমা’ প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা সীমিত হয়ে আসে এবং পাওয়ার আকাঙ্ক্ষাও কমে যায়। জীবনের এই শেষ প্রান্তে এসে একাকিত্ব, অসুস্থতা ও নানা সীমাবদ্ধতার মুখোমুখি হওয়া মুন্তাসির ও শাহিদা কীভাবে একে অপরকে আঁকড়ে বেঁচে থাকার নতুন অর্থ খুঁজে নেন, সেই গল্পই উঠে এসেছে ‘রঙিন সুরমা’য়। রিয়াজুল হকের পরিচালনায় এই চরকি ফ্লিকটি আজ রাত ১২টায় চরকিতে মুক্তি পেতে যাচ্ছে। পরিচালক রিয়াজুল হক গল্পটি সম্পর্কে বলেন, ‘সব সত্য সব সময় মানুষকে বাঁচায় না। কখনো কখনো একটি মিথ্যা মানুষকে তার প্রিয় মানুষটির পাশে থাকার সুযোগ দেয়, একটি সম্পর্ককে ভেঙে পড়া থেকে রক্ষা করে কিংবা জীবনের শেষ আলোটুকু ধরে রাখতে সাহায্য করে।’ তাঁর মতে, সত্য স্থির ও ধূসর, কিন্তু মিথ্যার আছে নানা রং। জীবনের সেই ধূসর বাস্তবতায় মানুষ যখন নিজেদের জন্য কিছু রঙিন মুহূর্ত তৈরি করে, সেই বৈপরীত্য থেকেই গল্পের নামকরণ করা হয়েছে ‘রঙিন সুরমা’—যা আসলে ধূসর জীবনে এঁকে নেওয়া সামান্য রঙের নাম। এই কনটেন্টের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রিয়াজুল হক নিজেই। গল্পটি পড়ার পর থেকেই এতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছিলেন অভিনেত্রী আফসানা মিমি। তিনি জানান, চিত্রনাট্যটি পড়ার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। আফজাল হোসেনের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মিমি বলেন, ‘যাঁকে পর্দায় দেখে ভালোবেসেছি, তাঁর সঙ্গে কাজ করতে গেলে ভীষণ রোমাঞ্চিত হই। আফজাল ভাই সবকিছু এত সহজ করে দেন, বন্ধুর মতো।’ নির্মাতা রিয়াজুল হককে তিনি একজন নিবেদিতপ্রাণ ও খুঁতখুঁতে নির্মাতা হিসেবে উল্লেখ করেন। অভিনেতা আফজাল হোসেনও চিত্রনাট্য পড়ে এই কাজের প্রতি আগ্রহী হন। তিনি বলেন, ‘আজকাল মানুষের মন মাতানোর জন্য গরম-গরম গল্পের চাহিদা অনেক। এমন সময়ে কেউ যদি ঠান্ডা মেজাজের, শিরশির করা অনুভূতির কোনো গল্প পর্দায় হাজির করতে চায়, সে ভাবনাকে বিশেষ ভাবতেই হয়।’ চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, বরেণ্য অভিনয়শিল্পীদের নিয়ে দেশে তুলনামূলক কম কাজ হয়, আর ‘রঙিন সুরমা’র মাধ্যমে সেই প্রচলিত ধারার বাইরে যাওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি আরও বলেন, ‘রঙিন সুরমা খুব আবেগঘন একটা কাজ। সব বয়সী দর্শকই নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে কনটেন্টটির সঙ্গে সম্পর্ক খুঁজে পাবেন।’ নির্মাতা রিয়াজুল হক যোগ করেন, এই গল্প কোনো নির্দিষ্ট বয়সের দর্শকের জন্য নয়, বরং বয়সভেদে এটি দর্শকের কাছে ভিন্ন ভিন্ন অর্থ তৈরি করবে। এটি এমন এক জীবনের গল্প, যা মানুষ স্বাভাবিক ভেবে এড়িয়ে যায়, কিন্তু তার ভেতরেই বেঁচে থাকার গভীরতম কারণ লুকিয়ে থাকে। SHARES বিনোদন বিষয়: আফজাল হোসেনআফসানা মিমিওটিটিচরকিরঙিন সুরমারিয়াজুল হক