মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে জামায়াতে ইসলামী রংপুর মহানগরের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব ও গ্র্যান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল। এছাড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হকসহ দলের অন্যান্য নেতারা সভায় বক্তব্য রাখেন। এ টি এম আজম খান তার বক্তব্যে মন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, মন্ত্রীর কথায় এমন ইঙ্গিত পাওয়া গেছে যে, রংপুরের মানুষ বিএনপিকে ভোট না দিয়ে জাতীয় পার্টি বা জামায়াতকে ভোট দেওয়ায় এই অঞ্চল কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তিনি এটিকে রংপুরবাসীর রাজনৈতিক সচেতনতা, স্বাধীন মতপ্রকাশ ও সাংবিধানিক অধিকারকে খাটো করার শামিল বলে অভিহিত করেন। তিনি আরও বলেন, কোন রাজনৈতিক দলকে ভোট দেওয়া হবে তা জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। উন্নয়নের সঙ্গে রাজনৈতিক পছন্দের সম্পর্ক স্থাপন গ্রহণযোগ্য নয়। সরকারের দায়িত্ব হলো দল-মত নির্বিশেষে দেশের সব অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার ও সুষম উন্নয়ন নিশ্চিত করা। সমাবেশে রংপুরের দীর্ঘদিনের বৈষম্য দূর করতে শিল্পায়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং তিস্তা মহাপরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়। সমাবেশ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়। বিক্ষোভ মিছিলে মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, অ্যাসাইনমেন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল গনি এবং কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়াসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। SHARES অন্যান্য বিষয়: জামায়াতে ইসলামীবিক্ষোভমির্জা ফখরুলরংপুররাজনীতি