১১ সংসদীয় আসনের সীমানায় প্রশাসনিক সমন্বয়, ইসির নতুন গেজেট প্রকাশ

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬

দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত নতুন একটি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার প্রকাশিত এই গেজেটে নবগঠিত কয়েকটি উপজেলা ও ইউনিয়ন পরিষদকে সংশ্লিষ্ট সংসদীয় আসনের আওতাভুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মূলত নতুন প্রশাসনিক ইউনিট গঠনের সঙ্গে সংসদীয় আসনের সীমানার তথ্য সামঞ্জস্যপূর্ণ করতেই এই সংশোধনী আনা হয়েছে। তবে প্রশাসনিক পুনর্বিন্যাসের কারণে কাগজে-কলমে এই পরিবর্তন আসলেও বাস্তবে সংশ্লিষ্ট আসনগুলোর ভোটার এলাকা বা সীমানায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না।

নতুন গেজেটের আওতাভুক্ত ১১টি সংসদীয় আসন হলো—ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।

ইসির তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও সদর উপজেলা ভেঙে গঠিত নতুন রুহিয়া ও ভুল্লী উপজেলাকে ঠাকুরগাঁও-১ আসনের অন্তর্ভুক্ত করা হয়েছে। একইভাবে বগুড়া-২ আসনে শিবগঞ্জের পাশাপাশি নবগঠিত মোকামতলা উপজেলা এবং ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁওয়ের সঙ্গে নতুন দক্ষিণ গফরগাঁও উপজেলা যুক্ত হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আখাউড়ার নবগঠিত বরিশল ইউনিয়ন পরিষদ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আগে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের অংশ ছিল। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে নতুন এই বরিশল ইউনিয়ন গঠন করা হয়েছিল।

অন্যান্য আসনের ক্ষেত্রে কুমিল্লা-৩ আসনে মুরাদনগরের সঙ্গে বাঙ্গরা উপজেলা, চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ির সঙ্গে ফটিকছড়ি উত্তর উপজেলা এবং কক্সবাজার-১ আসনে নতুন মাতারমুহুরি উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রশাসনিক ইউনিটগুলো গত মে ও জুলাই মাসে অনুষ্ঠিত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর সভায় অনুমোদিত হয়েছিল।