জাতিসংঘের ওপর আস্থা হারিয়েছে ইরান: পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬

জাতিসংঘের প্রতি বিশ্বস্ততা ও আস্থা সম্পূর্ণ হারিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে নিউইয়র্কে পৌঁছে নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এ কথা জানান তিনি।

আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র ও সায়োনিস্ট শাসনের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া যুদ্ধের প্রেক্ষাপটে বর্তমানে এক যুদ্ধাবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতির মধ্যেই তার এই সফর। তিনি আরও বলেন, এই বৃহৎ আন্তর্জাতিক প্ল্যাটফর্মটিকে কাজে লাগিয়ে ইরানের জনগণের অধিকার ও স্বার্থ রক্ষার চেষ্টা করাই তাদের মূল উদ্দেশ্য।

ইরানের শীর্ষ এই কূটনীতিক অভিযোগ করে বলেন, কিছু দেশ আন্তর্জাতিক সংস্থা ও আইনকে তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছামতো কাজ করার অধিকার রয়েছে বলে মনে করে। তারা নিজেদের এবং মিত্রদের জবাবদিহিতার ঊর্ধ্বে দাবি করে। সায়োনিস্ট শাসনের মতো একটি অপরাধী গোষ্ঠীকে যেকোনো অপকর্ম করার ছাড় দেওয়া হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন যে, মানবাধিকার ও মানবিক আইনের রক্ষক দাবি করা পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো এ বিষয়ে নিশ্চুপ ভূমিকা পালন করছে।