নিরাপত্তা বাড়াতে ভূগর্ভস্থ স্থাপনায় সামরিক সরঞ্জাম সরিয়ে নিল ইরান

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৫৭

দেশের সামরিক সক্ষমতা ও গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ইরান সেগুলোর একটি বড় অংশ সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনায় স্থানান্তর করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির কৌশলগত অবস্থান এবং বিপুল জ্বালানি সম্পদের কারণে ইরান ঐতিহাসিকভাবেই বিভিন্ন ধরনের আগ্রাসনের হুমকির মুখে রয়েছে। সাম্প্রতিক সময়ে মার্কিন ও ইসরাইলি হামলায় ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং নৌবাহিনীর শক্তিকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করা হয়েছে। তবে তালাই-নিকের দাবি, প্রতিপক্ষ তাদের সেই লক্ষ্য অর্জনে পুরোপুরি সফল হতে পারেনি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও জানান, সামরিক শক্তি সুরক্ষিত রাখার কৌশল হিসেবে গত কয়েক বছরে ইরানের কৌশলগত প্রতিরক্ষা সরঞ্জামের একটি অংশ ভূগর্ভস্থ নিরাপদ অবকাঠামোয় সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে অস্ত্র উৎপাদন ও সামরিক সক্ষমতা ধ্বংস করার জন্য প্রতিপক্ষের যে পরিকল্পনা ছিল, তা প্রত্যাশিত ফল পায়নি।

নিজের দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার পাশাপাশি যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার জন্য ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক।