নৌপথে যাত্রী ভাড়া বাড়ালো সরকার, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬

দেশের বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে নৌপথে চলাচলকারী যাত্রীদের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব ছন্দা পালের সই করা প্রজ্ঞাপনে ভাড়ার নতুন এই হার নির্ধারণ করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী যাত্রী পরিবহনের জন্য নতুন ভাড়ার হার কার্যকর করা হয়েছে।

পুনঃনির্ধারিত ভাড়া অনুযায়ী, নৌপথে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ২২ পয়সা বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা থেকে ৩ টাকা ১৭ পয়সা করা হয়েছে। এছাড়া ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ১৯ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা থেকে ২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি নৌপথে জনপ্রতি সর্বনিম্ন যাত্রী ভাড়া ৩২ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও নির্দেশনা দেওয়া হয়েছে যে, এই ভাড়ার হার সব নদীবন্দরের টার্মিনাল এবং নৌযানের দৃশ্যমান স্থানে আবশ্যিকভাবে প্রদর্শন করতে হবে।