আনোয়ারায় এলপিজি গ্যাস ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬

চট্টগ্রামের আনোয়ারায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে সিলিন্ডার কেনার রসিদ সংরক্ষণ না করার বিষয়টিও উঠে আসে অভিযানে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার কালাবিবির দিঘী ও চাতরী চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

অভিযান চলাকালে বাড়তি দামে এলপিজি গ্যাস বিক্রি করার অপরাধ প্রমাণিত হওয়ায় বিনিময় ট্রেডার্সের স্বত্বাধিকারী খোরশেম আলমকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে সাদিম ট্রেডার্সের মালিক মো. সাদিম উদ্দিনকেও সমান অংকের অর্থাৎ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, চাতরী চৌমুহনী বাজারে সিলিন্ডার ক্রয়ের কোনো রসিদ না থাকা এবং বেশি মূল্যে গ্যাস বিক্রির দায়ে আরও দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এর মধ্যে জহির স্টোরের স্বত্বাধিকারী জহির উদ্দিন আহমদ ও ইব্রাহিম স্টোরের স্বত্বাধিকারী ইব্রাহিমকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার জানান, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় আনোয়ারার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান আগামীতেও চালানো হবে।