প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী ৮৭ বছর বয়সে মারা গেছেন

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬

ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী মারা গেছেন। আজ রোববার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, শিল্পী ১৪ মাস ধরে ব্লাড ক্যানসারে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১৬ অক্টোবর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

১৯৩৯ সালে বাংলাদেশের ফরিদপুরের ডহরপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন যোগেন চৌধুরী। তাঁর বাবা প্রমথনাথ চৌধুরী ছিলেন ফরিদপুরের জমিদার এবং মা আলপনা আঁকায় দক্ষ ছিলেন, যা শিল্পীর ছবি আঁকার আগ্রহ তৈরিতে ভূমিকা রাখে। দেশভাগের সময় তাঁর পরিবার কলকাতায় চলে আসে। সেখানে গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্র্যাফটে তিনি শিল্পশিক্ষার হাতেখড়ি নেন। পরবর্তীতে তিনি হাওড়া জেলা স্কুলে অঙ্কন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬২ সালে কলকাতার হ্যান্ডলুম বোর্ডে ডিজাইনার হিসেবে যোগ দেওয়ার পর ১৯৬৫ সালে উচ্চশিক্ষার জন্য প্যারিসে যান।

যোগেন চৌধুরী ভারতীয় চিত্রশিল্পের জগতে এক মাইলফলক তৈরি করেছিলেন। তাঁর শিল্পকর্মের ভিত্তি ছিল দেশভাগের কারণে তৈরি উদ্বাস্তু জীবনের ক্ষত। তাঁর আঁকায় ভারতীয় ও ইউরোপীয় শিল্প আন্দোলনের গভীর প্রভাব লক্ষ্য করা যায়। তিনি রাজনীতি ও সমাজের বিভিন্ন অসংগতি নিয়ে ব্যঙ্গাত্মক ছবি আঁকার জন্য পরিচিত ছিলেন। এছাড়া বিভিন্ন সময়ে তিনি একাধিক দুর্গাপূজার থিমের নকশা করেছিলেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাঁর অবদান অনস্বীকার্য। যুদ্ধের পুরো ৯ মাস কলকাতা ও পশ্চিমবঙ্গে অবস্থান করে তিনি বাংলাদেশের সপক্ষে বহুমুখী কাজ করেছেন। কর্মজীবনে তিনি শান্তিনিকেতন কলা ভবনের অধ্যাপক ও প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রাষ্ট্রপতি ভবনের আর্ট গ্যালারিতে কিউরেটর হিসেবেও কাজ করেছেন। ২০১৪ সালে তিনি তৃণমূলের প্রার্থী হিসেবে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন এবং ২০২০ সাল পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন। দেশে–বিদেশে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্মানে ভূষিত হয়েছিলেন।