মধ্যপ্রাচ্যের নীতি নিয়ে নিজ দেশেই চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্র ও ইসরাইল

প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের বাসিজ কমান্ডার হোসেইন তাইয়েব। তার মতে, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামো নিজেদের মতো করে সাজানোর মার্কিন প্রচেষ্টা শেষ পর্যন্ত দেশ দুটির জন্যই নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

ইরানের সংবাদ সংস্থা ফার্সের বরাতে তাইয়েব দাবি করেন, বিশ্বজুড়ে মার্কিন জীবনধারা ছড়িয়ে দেওয়ার যে উচ্চাকাঙ্ক্ষা ওয়াশিংটনের ছিল, তা এখন খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই নানা প্রতিকূলতার মুখে পড়েছে। তিনি বলেন, 'আজ আমরা বলতে পারি, আমেরিকা ও ইসরাইলে পরিবর্তন শুরু হয়েছে। শিগগিরই বিভিন্ন ক্ষেত্রে এর প্রতিফলন দেখতে পাব।'

তাইয়েবের মতে, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার এবং অঞ্চলটির বাস্তবতা পরিবর্তনের মার্কিন কৌশল প্রত্যাশিত ফল বয়ে আনতে ব্যর্থ হয়েছে। বরং এর ফলে দেশ দুটির অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিল্পীদের আন্দোলন দেশটির নীতির বিরুদ্ধে ক্রমবর্ধমান জনমতেরই একটি বহিঃপ্রকাশ, যা মূলত যুদ্ধ এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার প্রতিবাদেই সংগঠিত হয়েছে।

ইরানের এই বাসিজ কমান্ডারের দাবি, বিদেশে সামরিক হস্তক্ষেপের ব্যয় নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে প্রশ্ন বাড়ছে। একই সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রতি সাধারণ জনগণের ক্লান্তিও এখন ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।