১১৫ দিন পর দেশে ফিরলেন বাংলার জয়যাত্রার নাবিকরা প্রকাশিত: 8:01 PM, July 22, 2026 হরমুজ প্রণালিতে তিন মাস ২৫ দিন বা মোট ১১৫ দিন অবরুদ্ধ থাকার পর নিরাপদে দেশে ফিরেছেন বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার সামরিক সংঘাতের কারণে জাহাজটি উপসাগরীয় এলাকায় আটকা পড়েছিল। দেশে ফেরার পর বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেদের অভিজ্ঞতার কথা জানান জাহাজের ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম এবং তৎকালীন কমান্ডিং অফিসার প্রণয় কৃষ্ণ সেন। ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম বলেন, যুদ্ধের ভয়াবহতার মধ্যে যখন চারপাশের জাহাজ ডুবে যাচ্ছিল এবং মাথার ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ে যাচ্ছিল, তখনো তারা দেশবাসীর দোয়া ও মানসিক শক্তির ওপর ভরসা রেখে টিকে ছিলেন। তিনি আরও জানান, যুদ্ধ পরিস্থিতির চরম মুহূর্তে সরকারের পক্ষ থেকে তাদের জাহাজ ছেড়ে নিরাপদ হোটেলে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ক্যাপ্টেন শফিকুল ইসলাম এই ফিরে আসাকে দ্বিতীয় জীবন পাওয়ার সঙ্গে তুলনা করেছেন। উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। এরপর কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল নিয়ে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। পরদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজটি দীর্ঘ সময় ওই এলাকায় আটকা পড়ে থাকে। SHARES অন্যান্য বিষয়: নাবিকবাংলাদেশি জাহাজবাংলার জয়যাত্রাযুদ্ধ পরিস্থিতিহরমুজ প্রণালি