চালককে হত্যাচেষ্টার অভিযোগে গাজী নজরুলের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ প্রকাশিত: 11:02 PM, July 22, 2026 সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন তার ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুল রহমান। অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করা এবং গোপন ভিডিও ফাঁসের সন্দেহে তাকে মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ঢাকার পল্লবী থানায় দায়ের করা এই মামলায় গাজী নজরুল ছাড়াও আরও চারজনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন—মাসুম বিল্লাহ, মোতাসসিম বিল্লাহ, আমিনুর রহমান ও রাকিবুল হাসান। মামলা দায়েরের পর এজাহারনামীয় আসামি আমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পল্লবী জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) রাকিবুল হুদা বুধবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং আগামী ২৪ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন পুলিশের এসআই সাইফুল ইসলাম। মামলার বিবরণ অনুযায়ী, বাদী ওবায়দুল রহমান পল্লবীর কালশী এলাকার ‘রোজগার্ডেন টাওয়ারে’ তার বোনের বাসায় থাকতেন এবং গাজী নজরুলের গাড়ি চালাতেন। আত্মীয়তার সূত্রে ওই বাসায় যাতায়াত করতেন নজরুল ইসলাম। একপর্যায়ে ওবায়দুল রহমানের ভাগ্নির সঙ্গে এমপির অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। ওবায়দুল বিষয়টি জানতে পেরে নিজের পরিবারকে জানান এবং এমপিকে এই সম্পর্ক থেকে বিরত থাকতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে নজরুল ইসলাম তাকে প্রাণনাশের হুমকি দেন। সম্প্রতি মগবাজারের একটি চক্র এমপি ও ওবায়দুরের ভাগ্নির কিছু আপত্তিকর ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেইল করতে শুরু করে। গাজী নজরুলের ধারণা হয়, ওবায়দুলই এসব ভিডিও ধারণ করে সংবাদমাধ্যম ও ওই চক্রের হাতে তুলে দিয়েছেন। এর জেরে গত ১৪ জুলাই বেলা ১১টার দিকে নজরুলের নির্দেশে অন্য আসামিরা ওবায়দুরের ওপর হামলা চালায়। আমিনুর রহমান কৌশলে ওবায়দুলকে ড্রয়িংরুমে ডেকে নেন এবং লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে তাকে মেঝেতে ফেলে গলা টিপে হত্যার চেষ্টা করা হলে তার মা ও ছোট বোনের চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত ওবায়দুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদিকে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর আগে গত সোমবার রাতে এক তরুণীর সঙ্গে তার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও এমপির সমর্থকেরা এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে দাবি করেন। গাজী নজরুলের দাবি, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং গত ১৭ জুন প্রথম স্ত্রীর উপস্থিতিতে তাদের বিয়ে হয়। তরুণীর বাবা ও প্রথম স্ত্রীও এই দাবি সমর্থন করেছেন। তবে গত ২২ জুন ওই তরুণীর একটি বায়োডাটায় তার বৈবাসিক অবস্থা ‘অবিবাহিত’ লেখা ছিল এবং সেখানে চাকরির জন্য সুপারিশ করেছিলেন খোদ গাজী নজরুল। এ ছাড়া সংশ্লিষ্ট কাজী বাকী বিল্লাহ জানান, গত মঙ্গলবারই কাবিননামাটি তৈরি করা হয়েছে এবং এমপি তাকে ১৭ জুনের তারিখ দিতে বলেছিলেন। SHARES অন্যান্য বিষয়: গাজী নজরুল ইসলামজামায়াতে ইসলামীপল্লবী থানাসাতক্ষীরা-৪হত্যাচেষ্টা মামলা