যশোরে দুর্ধর্ষ সন্ত্রাসী জিতু কুপিয়ে জখম, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার প্রকাশিত: 11:30 AM, July 23, 2026 যশোর শহরের বারান্দিপাড়া ফুলতলা মোড় এলাকায় দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত জিতু (৩৫) অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় গুরুতর জখম হয়েছেন। তিনি শহরের মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলাম সিরার ছেলে। বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে বারান্দিপাড়া ফুলতলা মোড়ে জিতুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুম বিল্লাহ জানান, জিতুর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য রাত প্রায় ১টার দিকে তাকে ঢাকায় রেফার করা হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুম খান জানান, জিতু হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলাসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় প্রায় এক ডজন মামলা রয়েছে। SHARES অন্যান্য বিষয়: অপরাধবাংলাদেশ পুলিশযশোরসন্ত্রাসীহামলা