ইরানের বিরুদ্ধে যুদ্ধের বাজেটে ৯৫ বিলিয়ন ডলার অনুমোদন প্রতিনিধি পরিষদে প্রকাশিত: 12:01 PM, July 23, 2026 যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বুধবার ৯ হাজার ৫০০ কোটি (৯৫ বিলিয়ন) ডলারের একটি বাজেট পরিকল্পনা অনুমোদন করেছে। বিলটি প্রতিনিধি পরিষদে ২১৬–২১৪ ভোটের ব্যবধানে পাস হয়েছে। এখন এটি চূড়ান্ত অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হবে, যেখানে এর ভবিষ্যৎ নির্ধারিত হবে। এই বাজেট পরিকল্পনার একটি বড় অংশ পেন্টাগনের জন্য বরাদ্দ রাখা হয়েছে, যা মূলত ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার অভিযানে ব্যয় করা হবে। সামগ্রিকভাবে সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর জন্য মোট ৭ হাজার ৩০০ কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। বাজেট পরিকল্পনার অন্যান্য বরাদ্দের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য ১ হাজার ২০০ কোটি ডলার এবং নির্বাচন–সংক্রান্ত বিভিন্ন কর্মসূচির জন্য আরও ১ হাজার কোটি ডলার অন্তর্ভুক্ত রয়েছে। এটি দেশব্যাপী নতুন ভোটদান-সংক্রান্ত বিধিনিষেধ কার্যকরের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগের অংশ, যদিও তিনি তাঁর বৃহত্তর ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ এগিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত সমর্থন পাননি। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। ট্রাম্পের রিপাবলিকান পার্টির জন্য এটিই শেষ বড় আইন প্রণয়ন উদ্যোগ। মধ্যবর্তী নির্বাচনের ফলই নির্ধারণ করবে দলটি কংগ্রেসে তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে কি না, যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বাকি সময়ের নীতিনির্ধারণে প্রভাব বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এই প্রস্তাবকে রিপাবলিকানদের দুটি মৌলিক লক্ষ্যের বাস্তবায়ন হিসেবে অভিহিত করেছেন—দেশটির নির্বাচন সুরক্ষিত করা এবং দেশের নিরাপত্তা জোরদার করা। তবে ডেমোক্র্যাট নেতা রোসা দেলাউরো এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, এর মাধ্যমে ট্রাম্প ইরানের বিরুদ্ধে তাঁর যুদ্ধ অব্যাহত রাখার সুযোগ পাবেন। তিনি আরও বলেন, মার্কিন জনগণ মধ্যপ্রাচ্যে অনির্দিষ্টকালব্যাপী, লক্ষ্যহীন, ব্যয়বহুল ও প্রাণঘাতী যুদ্ধ চান না। তাঁরা চান খাদ্য, আবাসন, স্বাস্থ্যসেবা, শিশুযত্ন ও জ্বালানির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমে আসুক। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি অব্যাহত থাকায় মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে জীবনযাত্রার ব্যয় একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। বর্তমানে পাস হওয়া বিলটি কেবল একটি বাজেট কাঠামো। সিনেটে অনুমোদন পেলে রিপাবলিকান সদস্যরা গ্রীষ্মের শেষ দিকে এটি নিয়ে বিস্তারিত আইন প্রস্তাব তৈরি করতে পারবেন। এরপর সিনেটে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এটি পাস করানোর চেষ্টা করা হবে, যাতে প্রচলিত ৬০ ভোটের বাধ্যবাধকতা এবং ডেমোক্র্যাটদের বিরোধিতা এড়ানো সম্ভব হয়। SHARES আন্তর্জাতিক বিষয়: ইরানপেন্টাগনপ্রতিনিধি পরিষদবাজেটযুক্তরাষ্ট্র