ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ প্রকাশিত: 11:01 PM, July 22, 2026 ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত তরুণরা দিল্লির যন্তর-মন্তর এলাকা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। সংসদের প্রধান বিরোধী দল কংগ্রেসের সমর্থন পাওয়ার পর এই আন্দোলনের গতি আরও বৃদ্ধি পেয়েছে। বুধবার (২২ জুলাই) দিল্লির পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে মহারাষ্ট্রের মুম্বাই, কর্ণাটকের বেঙ্গালুরু এবং বিহারের পাটনার মতো বড় শহরগুলোতে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পাটনায় আন্দোলনরত তরুণদের সমাবেশে পুলিশ জলকামান ও টিয়ারশেল ব্যবহার করেছে। এছাড়া গুজরাটের আহমেদাবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বেশ কয়েকজন সমর্থককে আটক করেছে পুলিশ। সিজেপির নেতৃত্বাধীন এই আন্দোলন বর্তমানে নরেন্দ্র মোদি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আগের দিন আটক হওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুধবার কালো পোশাক পরে সংসদে উপস্থিত হয়ে সরকারের কাছে জবাবদিহি দাবি করেন। পরে তিনি সাংবাদিকদের জানান, ছাত্রদের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে এবং তাদের সুরক্ষা ও ভবিষ্যতের বিষয়টি নিশ্চিত করা হবে। এর আগে মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেছিলেন, সরকার সংস্কারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং সংসদে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তবে শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরও বুধবার যন্তর-মন্তরে বিক্ষোভকারীদের জমায়েত অব্যাহত ছিল। হরিয়ানা থেকে আন্দোলনে অংশ নেওয়া এক তরুণী অভিযোগ করেন, সরকার তরুণদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। অন্য এক বিক্ষোভকারী বলেন, দেশের তরুণরা প্রথমবারের মতো নিজেদের আওয়াজ তুলে ধরার সুযোগ পেয়েছে। পুলিশের মারধর ও বলপ্রয়োগের কারণে ভয় থাকলেও আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখছেন না তারা। ওই বিক্ষোভকারী আরও বলেন, এই আন্দোলন থেমে গেলে পুনরায় শুরু করা কঠিন হবে। ভারতে বর্তমান পরিস্থিতিতে নিজের আওয়াজ তুললেই চুপ করে দেওয়া হয়, তাই পুরো ব্যবস্থা পরিবর্তনের দাবি জানিয়েছেন তারা এবং রাজনৈতিক নেতাদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন। SHARES আন্তর্জাতিক বিষয়: বিক্ষোভভারতরাহুল গান্ধীশিক্ষামন্ত্রীশিক্ষার্থী আন্দোলন