প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে গুজবে বিশ্বাস নেই মির্জা ফখরুলের

প্রকাশিত: 12:00 PM, July 24, 2026

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন নিয়ে চলমান আলোচনার প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, তিনি গুজবে বিশ্বাস করেন না। শুক্রবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে বক্তব্য প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, পত্র-পত্রিকা পড়ে রাজনীতির বিষয়ে মন্তব্য করা যায় না। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং এ ধরণের গুজব দিয়ে কোনো সিদ্ধান্ত বা মন্তব্য করা সম্ভব নয়। তিনি আরও বলেন, এই বিষয়ে কথা বলার সময় এখনও আসেনি। তবে যখন সঠিক সময় আসবে, তখন সবাই সবকিছু জানতে পারবেন।

উল্লেখ্য, বর্তমান পরিস্থিতিতে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই তাকে অপসারণের দাবি জোরালো হয়ে ওঠে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বঙ্গভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচিও পালিত হয়েছে। তার পদত্যাগের সম্ভাবনা নিয়ে তৈরি হওয়া এই আলোচনার মাধ্যমে নতুন প্রেসিডেন্টের জন্য বঙ্গভবনের দুয়ার খোলার বিষয়টিও সামনে আসছে।