রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছুই জানেন না স্পিকার হাফিজ উদ্দিন প্রকাশিত: 3:40 PM, July 24, 2026 প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনা নিয়ে চলা গুঞ্জনের মধ্যেই থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দিতে পারেননি। তিনি বলেন, 'আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করলো, কী করলো আমার কিছুই জানা নেই। এখন হয়ত জানতে পারবো।' তিনি আরও যোগ করেন, 'আপনারা যেমন শুনেছেন, আমিও সেই রকমই শুনেছি।' সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের পদত্যাগ প্রক্রিয়া সম্পর্কে হাফিজ উদ্দিন আহমদ বলেন, 'যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তাহলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবে। এই হলো সংবিধানের পজিশন।' উল্লেখ্য, প্রেসিডেন্টের পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগ করতে পারেন এমন খবরের মধ্যেই চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকা স্পিকার দ্রুত দেশে ফিরে এলেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট পদত্যাগ করলে তাকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয় এবং পদ শূন্য হলে স্পিকারকে সাময়িকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে হয়। SHARES রাজনীতি বিষয়: জাতীয় সংসদবাংলাদেশমো. সাহাবুদ্দিনরাষ্ট্রপতির পদত্যাগহাফিজ উদ্দিন আহমদ