৩৫ বছর ধরে পায়ে হেঁটে পত্রিকা বিক্রি করছেন কাজিপুরের নার্গিস

প্রকাশিত: 12:02 PM, July 25, 2026

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের পঞ্চাশোর্ধ্ব নারী নার্গিস খাতুন। দীর্ঘ ৩৫ বছর ধরে পায়ে হেঁটে সংবাদপত্র বিক্রি করে নিজের সংসার চালাচ্ছেন তিনি। একসময় পারিবারিক অবহেলা আর সামাজিক নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়া এই নারী আজ স্বনির্ভরতার এক অনন্য প্রতীক হয়ে উঠেছেন।

কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের আব্বাস আলীর মেয়ে নার্গিসের এই জীবনসংগ্রামের সূচনা হয়েছিল নব্বইয়ের দশকে। চরম প্রতিকূল পরিস্থিতিকে জয় করে হকার হিসেবে পত্রিকা বিক্রি করেই তিনি নিজের থাকার জন্য একটি আবাসন তৈরি করতে সক্ষম হয়েছেন। এই পেশার মাধ্যমেই তিনি বছরের পর বছর ধরে সচল রেখেছেন তার সংসারের চাকা।