মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের পরিকল্পনা প্রধানমন্ত্রীর প্রকাশিত: 11:30 AM, July 26, 2026 বিএনপি নেতৃত্বাধীন সরকারের ছয় মাস পূর্তি হতে চলেছে আগামী ১৭ আগস্ট। গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে ৪৯ সদস্যের মন্ত্রিসভা দায়িত্ব গ্রহণ করে। এই সময়ের মধ্যে প্রশাসনিক কাজের গতি বৃদ্ধি, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে সরকার প্রধান মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন। সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর কাছে আট থেকে ১০ জন নতুন মুখ এবং সম্ভাব্য রদবদলের ভেরিফিকেশন রিপোর্ট তৈরি হয়ে জমা আছে। সরকার গঠনের সময়ই প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে, প্রথম ছয় মাস সব মন্ত্রীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। যারা ভালো পারফর্ম করবেন তারা বহাল থাকবেন, কিন্তু যাদের কাজে ধীরগতি, সমন্বয়হীনতা বা দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ থাকবে, তাদের বাদ দেওয়া হতে পারে অথবা দপ্তর পরিবর্তন করা হবে। মন্ত্রিত্বে কারও জন্য স্থায়িত্বের কোনো গ্যারান্টি নেই বলে তিনি আগেই সতর্ক করেছিলেন। প্রভাবশালী মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার পরিধি বাড়ানোর অন্যতম উদ্দেশ্য হলো এক মন্ত্রীর ওপর একাধিক মন্ত্রণালয়ের চাপ কমানো। রদবদল হলেও প্রথম দফায় কাউকে পুরোপুরি বাদ না দেওয়ার সম্ভাবনা কম, তবে দায়িত্ব পুনর্বণ্টনের বড় সম্ভাবনা রয়েছে। আলোচনায় রয়েছে ভৌগোলিক ভারসাম্য রক্ষা ও অভিজ্ঞতার বিষয়টি। বর্তমান মন্ত্রিসভায় নোয়াখালী অঞ্চলের কোনো প্রতিনিধি না থাকায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা রয়েছে। তাই এই অঞ্চল থেকে মোহাম্মদ শাহজাহান ও জয়নুল আবেদিন ফারুকের নাম আলোচনায় উঠে এসেছে। মোহাম্মদ শাহজাহান ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ, ১৯৯৬ সালের ফেব্রুয়ারি ও জুন মাসে ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ, ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ এবং ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, বরকতুল্লাহ ভুলু, পাবনার শামসুর রহমান শিমুল বিশ্বাস, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. মোহাম্মদ আবুল কালাম, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, নরসিংদীর খায়রুল কবির খোকন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং সংরক্ষিত নারী আসনের মাহমুদা হাবিবা ও রেহানা আক্তার রানুর নামও শোনা যাচ্ছে। সরকারের একজন উপদেষ্টা জানিয়েছেন, প্রথম ১০০ দিন পার হওয়ার পর সরকার এখন কাজের ফলাফল দেখানোর দিকে বেশি মনোযোগ দিচ্ছে। এছাড়া টেকনোক্র্যাট কোটায় যুগপৎ আন্দোলনে থাকা শরিক ও মিত্রদের মধ্য থেকেও কাউকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে। SHARES রাজনীতি বিষয়: তারেক-রহমানবিএনপিমন্ত্রিসভারদবদলসরকার