কাস্পিয়ান সাগরে জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান প্রকাশিত: 2:00 PM, July 26, 2026 কাস্পিয়ান সাগরে নিজেদের একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে সরাসরি দায়ী করেছে ইরান। শনিবার সকালে ঘটে যাওয়া এই হামলায় জাহাজটিতে বিস্ফোরণ ঘটলে একজন নাবিক নিহত এবং অপর একজন আহত হন। তেহরান এই ঘটনার কঠোর জবাব দেওয়ার বিষয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, এ ধরনের বৈরী ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে টেলিফোনে আলাপকালে এই হামলার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও ইউরোপীয় ইউনিয়নের কাছে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংঘাতে ইরান কখনোই হস্তক্ষেপ করেনি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, কাস্পিয়ান সাগরে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী দূরপাল্লার হামলায় বড় ধরনের সাফল্য পেয়েছে। তিনি জানান, তাদের লক্ষ্যবস্তুর মধ্যে ইরান-সংশ্লিষ্ট সামরিক মালামাল পরিবহনে ব্যবহৃত জাহাজ এবং একটি যুদ্ধজাহাজ ছিল। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ টেলিগ্রামে জানিয়েছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা মালবাহী জাহাজগুলোতে ড্রোন হামলা চালানো হয়েছে, যা ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক মালামাল আদান-প্রদানে ব্যবহৃত হতো। এই ঘটনার মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধের সংঘাতের আন্তর্জাতিক মাত্রা আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। SHARES আন্তর্জাতিক বিষয়: ইউক্রেনইরানকাস্পিয়ান সাগররাশিয়া-ইউক্রেন যুদ্ধহামলা