আগামী দিনের উপযোগী হয়ে গড়ে ওঠার আহ্বান প্রধানমন্ত্রীর প্রকাশিত: 8:11 PM, July 27, 2026 নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬ এর সমাপনী অনুষ্ঠানে শিশুদের আগামী দিনের উপযোগী হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি উপস্থিত ক্ষুদে খেলোয়াড় ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যদি আগামী দিনে নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারো, তাহলেই আমরা ভবিষ্যতে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারব। প্রধানমন্ত্রী গ্যালারিতে উপস্থিত হাজার হাজার কিশোর-কিশোরীর মাঝে দেশের আগামী দিনের ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, ক্রিকেটার ও সুইমারদের সম্ভাবনা দেখতে পাওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, তোমাদের ভেতর থেকেই ভালো মানুষ তৈরি হবে যারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই নিজেকে কখনো ছোট ভাববে না। তোমরা নিজেদের যত শক্তভাবে গড়ে তুলবে, বাংলাদেশ তত সুন্দর হবে। অনুষ্ঠানে উপস্থিত মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী অনুরোধ জানান, আজকের এই স্পোর্টস ইভেন্টকে যেন তারা যথাযথ গুরুত্ব দিয়ে প্রচার করেন। তিনি বলেন, এই ইভেন্টটি বাংলাদেশের ভবিষ্যৎ। এসময় তিনি দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ততা নিশ্চিত করতে গ্যালারিতে উপস্থিত কিশোর-কিশোরীদের হাত তুলে সম্মতি জানানোর আহ্বান জানালে তারা সমস্বরে সাড়া দেয়। পরিবেশ রক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দেশটা আমাদের সকলের। রাস্তাঘাটে বা নদী-পুকুরে ময়লা না ফেলে তা নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলাতেও মনযোগী হতে হবে। সরকার শিশুদের পড়ালেখা, গান, ছবি আঁকা এবং খেলাধুলায় সব ধরনের সহযোগিতা করতে বদ্ধপরিকর। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, মীর হেলাল, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। উল্লেখ্য, গত ২রা মে সিলেট জেলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছিল। সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রায় ১ লাখ ৭০ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে এই প্রতিযোগিতায় অংশ নেয়। জাতীয় পর্যায়ের খেলাগুলো ঢাকার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। ফুটবল ফাইনাল খেলায় বালকদের মধ্যে সিলেট অঞ্চল ময়মনসিংহ অঞ্চলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকাদের ফাইনালে রাজশাহী অঞ্চলকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে রংপুর অঞ্চল। প্রধানমন্ত্রী বিকেলে মাঠের পাশে বসে বালিকাদের ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে ট্রফি, ক্রেস্ট, মেডেল ও চেক তুলে দেন। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ক্ষুদে খেলোয়াড় এবং তাদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। SHARES অন্যান্য বিষয়: খুদে খেলোয়াড়নতুন কুঁড়ি স্পোর্টসপ্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ আর্মি স্টেডিয়ামভবিষ্যৎ প্রজন্ম