টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট প্রকাশিত: 9:09 PM, July 27, 2026 দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি ব্র্যান্ডের টুথপেস্টের মধ্যে ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়ার ঘটনায় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুন সোমবার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এই রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বিএসটিআই এবং ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদকে বিবাদী করা হয়েছে। এর আগে রোববার রাজধানীর লালমাটিয়ায় এসডোর নিজস্ব কার্যালয়ে ‘মাইক্রোপ্লাস্টিক ইন টুথপেস্ট’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) জানায়, প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে সর্বনিম্ন ২০টি থেকে সর্বোচ্চ ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩২০টি কণা শনাক্ত হয়েছে ‘মেডিপ্লাস ফ্লুরাইড জেল’ টুথপেস্টে। গবেষণার অংশ হিসেবে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ২ হাজার ৭৬০ জন ভোক্তার ওপর জরিপ চালানো হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের ল্যাবরেটরিতে স্টিরিওমাইক্রোস্কোপি ও এফটিআইআর স্পেকট্রোস্কোপি প্রযুক্তি ব্যবহার করে এসব নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা গেছে, ২৫টি দেশীয় টুথপেস্টের মধ্যে ২২টিতেই মাইক্রোপ্লাস্টিক রয়েছে। এছাড়া ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে আমদানিকৃত টুথপেস্টের নমুনায়ও এই ক্ষতিকর কণা পাওয়া গেছে। উদ্বেগের বিষয় হলো, শিশুদের ব্যবহারের জন্য তৈরি ৬টি টুথপেস্টের মধ্যে ৪টিতেই মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। গবেষণায় পাওয়া তথ্যানুযায়ী, মেডিপ্লাস ফ্লুরাইড জেলে ৩২০টি, ক্লোজ আপ রেড হটে ১৬০টি, ক্লোজ আপ মেন্থল ফ্রেশে ১৬০টি, কোডোমো আল্ট্রা শিল্ড ফর্মুলা স্ট্রবেরিতে ১৪০টি, সিগন্যাল গ্রিন টিতে ১২০টি, পেপসোডেন্ট অ্যাডভান্স সল্টে ১০০টি, হিমালয়া কমপ্লিট কেয়ারে ১০০টি এবং সেনসোডাইন ফ্রেশ মিন্টে ৮০টি মাইক্রোপ্লাস্টিক কণা রয়েছে। শিশুদের টুথপেস্টের মধ্যে কোডোমো আল্ট্রা শিল্ড ফর্মুলায় ১৪০টি, মেরিল বেবি স্ট্রবেরিতে ৬০টি, মেরিল বেবি অরেঞ্জে ৪০টি এবং পেপসোডেন্ট কিড অরেঞ্জে ২০টি প্লাস্টিক কণা পাওয়া গেছে। তবে জেনফ্রেশ, প্যারাসুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো) ও ক্লোজ আপ রেড হট জিংক ফ্রেশ টেকনোলজিতে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, টুথপেস্ট থেকে নির্গত এই ক্ষুদ্র কণা পরিবেশে মিশে খাদ্য ও পানীয়ের মাধ্যমে মানবদেহে প্রবেশ করতে পারে। আন্তর্জাতিক গবেষণায় মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শের সঙ্গে শ্বাসতন্ত্র, পরিপাকতন্ত্র, হৃদরোগ এবং প্রজনন স্বাস্থ্যের ঝুঁকির সম্পর্ক থাকলেও এ বিষয়ে আরও বিশদ গবেষণার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে। SHARES জাতীয় বিষয়: এসডোজনস্বাস্থ্যটুথপেস্টমাইক্রোপ্লাস্টিকহাইকোর্ট