প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, আবারও আন্দোলনের হুঁশিয়ারি সিজিপির প্রকাশিত: 9:31 PM, July 27, 2026 ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার অভিযোগ তুলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজিপি)। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না বলে সরকার আশ্বাস দিলেও বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আগামী মঙ্গলবার (২৮ জুলাই) থেকে তারা নতুন করে বিক্ষোভ কর্মসূচি শুরু করতে পারে। অভিজিৎ দীপকের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলনটি মূলত ব্যঙ্গাত্মকভাবে শুরু হয়েছিল, এমনকি ‘ককরোচ’ নামটি একটি কটূক্তি থেকেই গ্রহণ করা হয়েছিল। এর আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে টানা ৩৭ দিন অবস্থান কর্মসূচি পালন করেছিল সংগঠনটি। সিজিপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিযোগ করেছেন, আন্দোলনকারীদের হয়রানি না করার বিষয়ে যে সমঝোতা হয়েছিল, তা সরকার মানছে না। তার দাবি, বিহার ও পশ্চিমবঙ্গে শত শত শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া দিল্লি ও বিভিন্ন রাজ্যে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নজরদারিতে রাখা হচ্ছে এবং তাদের লজিস্টিক সহায়তা প্রদানকারী স্বেচ্ছাসেবকদেরও আটক করা হচ্ছে। সরকারের মধ্যস্থতাকারী মন্ত্রী জে. পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংকে ট্যাগ করে আশুতোষ রাঙ্কা দাবি জানিয়েছেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং আটককৃতদের মুক্তি দিতে হবে। পাশাপাশি দিল্লি পুলিশ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিংবা বিজেপি-শাসিত রাজ্যগুলোর পুলিশ যেন ভবিষ্যতে নতুন কোনো মামলা না করে, সেই নিশ্চয়তাও চেয়েছেন তিনি। এছাড়া গত শনিবার (২৫ জুলাই) কনস্টিটিউশন ক্লাবে অনুষ্ঠিত তৃতীয় দফার বৈঠকে মামলা প্রত্যাহারের যে লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা মঙ্গলবারের মধ্যেই তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছে সিজিপি। উল্লেখ্য, গত শনিবারের ওই বৈঠকের পর সিজিপি জানিয়েছিল যে, নিট পরীক্ষাকে ঘিরে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে সরকার সম্মত হয়েছে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আশ্বাস দেওয়া হয়েছিল। SHARES আন্তর্জাতিক বিষয়: আন্দোলনপ্রতিশ্রুতিভারতসরকারসিজিপি