রামুতে বনভূমি উচ্ছেদে গিয়ে বনকর্মীদের ওপর হামলা, আহত ৫

প্রকাশিত: 7:00 PM, July 27, 2026

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া এলাকায় সংরক্ষিত বনভূমিতে গড়ে তোলা একটি অবৈধ পানের বরজ উচ্ছেদ করতে গিয়ে বন বিভাগের পাঁচ কর্মকর্তা-কর্মচারী হামলার শিকার হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আহত বনকর্মীরা হলেন পানেরছড়া বন রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগানের মালি সাইদুল ইসলাম, বন বিভাগের কর্মচারী মো. সাজিদ এবং ইমার্জেন্সি রেসপন্স টিমের (ইআরটি) সদস্য মিজানুর রহমান। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমের অবস্থার অবনতি হলে বিকেলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবদুল্লাহ আল মামুন জানান, সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পানের বরজ উচ্ছেদে বন বিভাগের দলটি অভিযানে গিয়েছিল। এ সময় দখলদারেরা সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে বনকর্মীদের ওপর হামলা চালায়।

বন বিভাগের কর্মকর্তাদের দাবি, এই হামলাটি পরিকল্পিত। তাঁরা জানান, এর আগে ২৫ জুলাই একই ইউনিয়নের সমিতিপাড়া এলাকায় অবৈধ পানের বরজ উচ্ছেদ এবং শিয়াপাড়া এলাকা থেকে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি ডাম্পার জব্দ করা হয়েছিল। ওই অভিযানের জের ধরেই পরিকল্পিতভাবে আজকের হামলা চালানো হয়েছে বলে তাঁদের ধারণা। ডিএফও আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, সরকারি দায়িত্ব পালনকালে বনভূমি রক্ষা ও বন আইন বাস্তবায়নে নিয়োজিত কর্মীদের ওপর এ ধরনের সংঘবদ্ধ হামলা শুধু বন বিভাগের ওপর নয়, বরং রাষ্ট্রের আইন, প্রশাসন ও আইনের শাসনের ওপরও প্রকাশ্য চ্যালেঞ্জ। বিএফএ ঘটনার দ্রুত বিচার এবং জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।