চীনা মানবসদৃশ রোবট আমদানিতে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: 9:30 AM, July 29, 2026

যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বিদেশ থেকে আসা উন্নতমানের রোবট আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন মঙ্গলবার এই সিদ্ধান্তের ঘোষণা দেয়। প্রশাসনের দাবি, বিশেষ করে মানবসদৃশ রোবট এবং চার পায়ের রোবটের মতো প্রযুক্তিগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।

এই নিষেধাজ্ঞার আওতায় শুধু রোবটই নয়, ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) ডাটা সেন্টার ও সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ব্যবহৃত পাওয়ার ইনভার্টার আমদানির ওপরও বিধিনিষেধ আরোপ করেছে। কমিশনের মতে, এসব যন্ত্র ব্যবহার করে বিদেশি প্রতিষ্ঠানগুলো নজরদারি চালানো, তথ্য চুরি করা, অননুমোদিত প্রবেশাধিকার লাভ করা কিংবা সাইবার হামলার মতো কর্মকাণ্ড পরিচালনা করতে পারে।

এফসিসি এসব পণ্যকে তাদের 'কাভার্ড লিস্টে' অন্তর্ভুক্ত করেছে, যা মূলত জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ পণ্য ও সেবার তালিকা। এফসিসির চেয়ারম্যান ব্রেনডান কার জানিয়েছেন, আমেরিকার গুরুত্বপূর্ণ সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত রাখতেই এই দায়িত্ব পালন করা হচ্ছে। তবে এই সিদ্ধান্তের ফলে ইতিমধ্যে বাজারে থাকা বা এফসিসির আগের অনুমোদন পাওয়া রোবট মডেলগুলোর ওপর কোনো প্রভাব পড়বে না।

ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে। তারা দাবি করেছে, বাণিজ্যকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্যই ভিত্তিহীন অজুহাতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দূতাবাস যুক্তরাষ্ট্রকে আধিপত্যবাদী মানসিকতা পরিহার করে চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে অপপ্রচার ও নিষেধাজ্ঞার হুমকি বন্ধের আহ্বান জানিয়েছে। বেইজিং স্পষ্ট করেছে যে, চীনের স্বার্থ ক্ষুণ্ন করে এমন যেকোনো পদক্ষেপের জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সব দেশকে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে ইতিবাচক ও মানবকল্যাণমূলক কাজে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে।

ট্রাম্প প্রশাসনের সময় থেকেই চীনের প্রযুক্তি ও রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। জাতীয় নিরাপত্তা রক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে নিজেদের প্রযুক্তিগত অগ্রগামিতা ধরে রাখতে ওয়াশিংটন ইতিমধ্যে অত্যাধুনিক মার্কিন সেমিকন্ডাক্টর চীনের কাছে বিক্রি বন্ধ করে দিয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করেছেন যে, মেধাস্বত্ব চুরির অভিযোগে চীনের এআই কোম্পানিগুলোর বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আসতে পারে।

চীন বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ রোবট নির্মাতা দেশ হিসেবে আত্মপ্রকাশ করছে। তাদের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কারখানা ও গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য দ্রুত মানবসদৃশ রোবট তৈরি করছে। এছাড়া টেসলা এবং বস্টন ডাইনামিকস-এর মতো মার্কিন প্রতিদ্বন্দ্বীদের চেয়ে দ্রুত বাজারে প্রযুক্তি পৌঁছে দিতেও কাজ করছে বেইজিং।