যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামে আবেদনের সুযোগ

প্রকাশিত: 9:00 AM, July 29, 2026

যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ‘ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামে’ ২০২৬-২৭ সেশনের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এক শিক্ষাবর্ষ মেয়াদে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে গবেষণা ও শিক্ষকতার সুযোগ নিয়ে এই অনুদান প্রদান করা হবে। গত ৫২ বছরে দুই শতাধিক বাংলাদেশি এই এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিয়েছেন, যার মধ্যে নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো উচ্চতর ডিগ্রি (পিএইচডি) বা সমমানের পেশাগত ডিগ্রিসম্পন্ন, গভীরভাবে অনুপ্রাণিত এবং নিজ নিজ ক্ষেত্রে গবেষণা ও শিক্ষকতার প্রস্তাবনা পেশকারী শিক্ষকদের সহায়তা প্রদান করা। আগামী বছরের (২০২৭) সেপ্টেম্বরে এই এক্সচেঞ্জ প্রোগ্রাম শুরু হবে। আবেদনকারীদের অবশ্যই পেশাগত কাজের জন্য ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পাঠ্যক্রম প্রণয়ন, শিক্ষাপ্রযুক্তি, জনস্বাস্থ্য, জীববিজ্ঞান, ফার্মেসি, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, আরবান প্ল্যানিং, দূরশিক্ষণ এবং আন্তর্জাতিক সম্পর্কের মতো বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠান উন্নয়ন ও গবেষণা পরিচালনা বা পাঠ্যক্রম মূল্যায়নে আগ্রহী শিক্ষকদের জন্য কিছু স্বল্পমেয়াদি অনুদানের ব্যবস্থাও রয়েছে।

ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামের সুবিধার মধ্যে রয়েছে ফিরতি বিমান ভাড়া, শিক্ষাদান ও একাডেমিক ফি, আবাস ও আনুষঙ্গিক ব্যয়ের জন্য মাসিক বৃত্তি, বইপত্র ক্রয়ের ভাতা, স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা এবং ভ্রমণ ও অতিরিক্ত মালপত্রের ভাতা।