সীতাকুণ্ডে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৪ ফার্মেসিকে জরিমানা

প্রকাশিত: 9:02 PM, July 30, 2026

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং বিক্রির প্রমাণ পাওয়ায় চারটি ফার্মেসিকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব ওষুধ বিক্রির দায়ে প্রশাসন এই অর্থদণ্ড প্রদান করে এবং ভবিষ্যতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১টার দিকে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের নেতৃত্বে পৌর সদরের বিভিন্ন ওষুধের দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। ওষুধ আইন, ২০২৩-এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে জোসনা ফার্মেসিকে ৩০ হাজার টাকা, নুহাশ ফার্মেসিকে ২৫ হাজার টাকা, আয়াত মেডিকেল হলকে ১৫ হাজার টাকা এবং ফারুক মেডিকেল হলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে অনিয়মে ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট ফার্মেসির মালিকদের ওষুধ সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পুনরায় একই অপরাধে জড়িত হলে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম বলেন, মানুষের জীবন ও জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। তিনি আরও বলেন, ভেজাল বা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি একটি গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ ও মানসম্মত ওষুধ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা মনে করছেন, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ রোগীর জীবনের জন্য মারাত্মক হুমকি। তাই বাজার তদারকি জোরদার, ফার্মেসিগুলোর নিয়মিত পরিদর্শন এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই। তাদের মতে, জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের ধারাবাহিক অভিযান আরও জোরদার করা প্রয়োজন।