ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকীর আবেদন: আমাকে ফাঁসি দিয়ে দেন প্রকাশিত: 10:02 PM, July 30, 2026 ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করা হয়। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে শুনানির সময় লতিফ সিদ্দিকীর আইনজীবী তার পক্ষে কথা বলার অনুমতি চাইলে ট্রাইব্যুনাল তা নাকচ করে দেন। এ সময় কাঠগড়ায় থাকা লতিফ সিদ্দিকী মাইক্রোফোনে আদালতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলে তাকে থামতে নির্দেশ দেওয়া হয়। বিচারকদের এই নির্দেশের প্রেক্ষিতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হায়রে হায় হায়। এই যদি হয় আদালত, আমি কোথায় যাই?’ পরবর্তীতে পুলিশ সদস্যরা তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমাকে ফাঁসি দিয়ে দেন।’ এদিকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে লতিফ সিদ্দিকীর ছোট ভাই কাদের সিদ্দিকী সাংবাদিকদের জানান, শাপলা চত্বরের ঘটনায় তার ভাই সম্পূর্ণ নির্দোষ এবং মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, ট্রাইব্যুনালে তার ভাইয়ের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তির আদালতে নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ থাকা উচিত ছিল। কাদের সিদ্দিকী আরও জানান, এই মামলার আইনি লড়াই চালিয়ে যাবেন তারা। SHARES অন্যান্য বিষয়: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালআবদুল লতিফ সিদ্দিকীকাদের সিদ্দিকীমানবতাবিরোধী অপরাধশাপলা চত্বর